৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ জন
৪৭তম বিসিএসের (বাংলাদেশ সিভিল সার্ভিস) লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৩ হাজার ৬৩১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৪৭তম বিসিএস ২০২৪-এর লিখিত পরীক্ষা গত বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় অংশ নেয়া প্রার্থীদের মধ্যে কমিশনের অনুমোদনক্রমে ৩ হাজার ৬৩১ জনকে সাময়িকভাবে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে। বিস্তারিত ফলাফল ও সংশ্লিষ্ট তথ্য পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।
এতে আরও বলা হয়, যুক্তিসঙ্গত কোনো কারণে ফলাফলে সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা করার অধিকার সংরক্ষণ করে।
এই বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নেন প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী। এর আগে গত ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং মাত্র ৯ দিনের মধ্যে, ২৮ সেপ্টেম্বর ফল প্রকাশ করে রেকর্ড গড়ে পিএসসি।
উল্লেখ্য, ৪৭তম বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেয়ার পরিকল্পনা রয়েছে।
এসি//