সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (০৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এ তফসিল ঘোষণা করেন ইসি সচিব আখতার আহমেদ।
এর মাধ্যমে সংরক্ষিত নারী আসনের ভোট আয়োজনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
তিনি জানান, মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল এবং ২২ ও ২৩ এপ্রিল মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। পরে ২৬ এপ্রিল বাতিল হওয়া মনোনয়নের বিষয়ে আপিল করা শুরু হয়ে এর নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল।
সচিব জানান, ২৯ এপ্রিল মনোনয়ন প্রত্যাহার এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে বিএনপি ও জোট পাচ্ছে ৩৬ আসন। জামায়াত-এনসিপির জোট ১৩ এবং স্বতন্ত্র ৬ জন মিলিয়ে একটি আসন। এছাড়া রুমিন ফারহানা কারও জোটে থাকছেন না বলে জানান ইসি সচিব।
আইন অনুযায়ী, সাধারণ আসনে নির্বাচনী ফলাফলের সরকারি গেজেট প্রকাশ হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে এ নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।
এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি এ গেজেট প্রকাশ করা হয়। সে ক্ষেত্রে এ নির্বাচনের সময় রয়েছে আগামী ১৪ মে পর্যন্ত। কমিশন এ ভোটের প্রক্রিয়া দ্রুত শেষ করতে চায় বলে জানান ইসি সচিব।
এসি//