শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোটগ্রহণ চলছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ব্যালটের মাধ্যমে ভোট নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির তফসিল অনুযায়ী, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ভোটাররা স্বচ্ছ ব্যালট বাক্সে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার।
এই আসনে নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্বে রয়েছেন বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিপুলসংখ্যক কর্মকর্তা। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার, বিজিবি, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। মোট ১৫১টি কেন্দ্রের মধ্যে ৫৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অন্যদিকে শেরপুর-৩ আসনে লড়ছেন বিএনপির মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাসুদুর রহমান এবং বাসদের (মাকসবাদী) মিজানুর রহমান।
এই আসনে ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি কক্ষে প্রায় সাড়ে চার লাখ ভোটার ভোট দিচ্ছেন। এর মধ্যে কিছু কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
এমএ//