ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি
আবু সাঈদ হত্যা মামলার রায় আজ
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (০৮ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় দেওয়া হবে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী-এর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করবে। রায়কে ঘিরে সকালে মামলার ছয় আসামিকে আদালতে হাজির করা হয়েছে।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, রায় ঘোষণার কার্যক্রম সরাসরি বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হবে।
এর আগে গেল ৫ মার্চ রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে মামলাটি জানুয়ারির শেষে রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল।
এই মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়, যার মধ্যে ছয়জন বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বাকি আসামিরা পলাতক।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই আন্দোলনের সময় আবু সাঈদ নিহত হন। এই হত্যাকাণ্ডের পর আন্দোলন তীব্র হয়। পরবর্তী সময়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়।
এমএ//