৪০ দিন পর খুলেছে আল-আকসা মসজিদ, মুসল্লিদের ঢল
টানা প্রায় ৪০ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলে দেয়া হয়েছে আল-আকসা মসজিদ। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) ভোরে অবরোধ তুলে নেয়ার পরপরই সেখানে ভিড় করেন হাজারো মুসল্লি, দীর্ঘ বিরতির পর ইবাদতের সুযোগ পেয়ে আবেগঘন পরিবেশ তৈরি হয়।
মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা শুরু হলে গত ২৮ ফেব্রুয়ারি নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মসজিদটিতে প্রবেশ নিষিদ্ধ করে ইসরায়েলি কর্তৃপক্ষ। ফলে পুরো রমজান মাসজুড়ে মুসল্লিরা সেখানে তারাবি, জুমা ও দৈনন্দিন নামাজ আদায় করতে পারেননি। ঈদুল ফিতরের নামাজও মসজিদের ভেতরে অনুষ্ঠিত হয়নি; অনেককে বাইরে সড়কে নামাজ পড়তে হয়।
বুধবার (০৮ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসার পর পরিস্থিতি কিছুটা শান্ত হলে ভোরে মসজিদটি খুলে দেয়া হয়। ফজরের আজানের সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলে মুসল্লিরা দলে দলে প্রবেশ করেন এবং একসঙ্গে নামাজ আদায় করেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-এর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বহু মানুষ আনন্দাশ্রু নিয়ে মসজিদে প্রবেশ করছেন এবং সিজদায় লুটিয়ে শুকরিয়া আদায় করছেন।
একই দিনে খ্রিস্টানদের পবিত্র উপাসনালয় চার্চ অব দ্য হোলি সেপালকার-ও খুলে দেয়া হয়েছে।
বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ভোরে দরজা খোলার পর বহু ফিলিস্তিনি মুসল্লি আল-হারাম আল-শরিফ প্রাঙ্গণে প্রবেশ করেন।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, হালনাগাদ নিরাপত্তা নির্দেশনার ভিত্তিতে উপাসনালয়গুলো খুলে দেয়া হয়েছে এবং পুরোনো শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
উল্লেখ্য, ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর এই প্রথম এত দীর্ঘ সময় ধরে আল-আকসা মসজিদ বন্ধ রাখা হয়, যা নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা দেখা দেয়।
এসি//