লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে ফ্রান্স ও পাকিস্তানের উদ্বেগ, হামলা অব্যাহত
লেবাননে চলমান সহিংসতা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে গভীর উদ্বেগ জানিয়েছে ফ্রান্স ও পাকিস্তান।
শুক্রবার (১০ এপ্রিল) ফোনালাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট লেবাননের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা “গুরুতর যুদ্ধবিরতি লঙ্ঘন” নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং যুদ্ধবিরতি পুরোপুরি বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।
পাকিস্তানের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি লেবাননকেও অন্তর্ভুক্ত করে। তবে এই অবস্থান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।
ইসরাইল যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননে ব্যাপক বোমা হামলা চালায়, যাতে ৩০০-র বেশি মানুষ নিহত হয় বলে জানা গেছে।
অন্যদিকে ফ্রান্স বলেছে, এই যুদ্ধবিরতির আওতায় লেবাননকে অন্তর্ভুক্ত করা উচিত, যাতে আঞ্চলিক উত্তেজনা কমানো যায়।
এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, দক্ষিণ লেবাননের আল শাহাবিয়া ও জাবাল আল বাতম এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।
লেবানিজ সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, বুধবার থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত ৩০৩ জন নিহত এবং প্রায় ১,১৫০ জন আহত হয়েছেন।
উল্লেখ্য, গেল মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, যেখানে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখে পাকিস্তান। এই উদ্যোগ ছিল চলমান বৃহত্তর সংঘাত থামানোর প্রচেষ্টার অংশ।
তবে লেবাননে হামলা অব্যাহত থাকায় যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
এমএ//