২০৬৭১ কৃষক পাবেন কার্ড, মিলবে নগদ সহায়তা : কৃষিমন্ত্রী
পহেলা বৈশাখে প্রাথমিক পর্যায়ে ২০ হাজার ৬৭১ জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হবে। এর মাধ্যমে বছরে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তাসহ বিভিন্ন কৃষি সুবিধা পাবেন তাঁরা।
রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ তথ্য জানান।
তিনি বলেন, ১১ এপ্রিল পর্যন্ত মোট ২২ হাজার ৬৫ জন কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ভূমিহীন (৫ শতকের কম জমির মালিক) ২ হাজার ২৪৬ জন, প্রান্তিক (৫-৪৯ শতক) ৯ হাজার ৪৫৮ জন এবং ক্ষুদ্র কৃষক (৫০-২৪৯ শতক) ৮ হাজার ৯৬৭ জন রয়েছেন। এছাড়া মাঝারি কৃষক ১ হাজার ৩০৩ জন এবং বড় কৃষক রয়েছেন ৯১ জন।
মন্ত্রী বলেন, প্রণোদনার জন্য নির্বাচিত হয়েছেন ২০ হাজার ৬৭১ জন, যা মোট কৃষকের প্রায় ১৩ দশমিক ৭ শতাংশ। এদের মধ্যেই নগদ সহায়তা সীমিত থাকবে। পাশাপাশি কার্ড ব্যবহার করে তারা নির্ধারিত ডিলারের মাধ্যমে সার, বীজ, কৃষিযন্ত্র, মৎস্য ও প্রাণিসম্পদ খাদ্যসহ বিভিন্ন উপকরণ সংগ্রহ করতে পারবেন।
আমিন উর রশিদ বলেন, সরকার এই প্রাক-পাইলটিং কার্যক্রমে ব্যয় করছে ৮ কোটি ৩৪ লাখ টাকা। এ পর্যায়ের কাজ শেষ হলে ১৫টি উপজেলায় পাইলট প্রকল্প চালু করা হবে। এরপর ধাপে ধাপে আগামী চার বছরে সারাদেশে কৃষক কার্ড বিতরণ ও একটি সমন্বিত ডাটাবেজ তৈরির পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে দেশের ১০টি জেলার নির্বাচিত কৃষি ব্লকে এই কার্ড বিতরণ করা হবে। এর মধ্যে রয়েছে পঞ্চগড়, বগুড়া, ঝিনাইদহ, পিরোজপুর, কক্সবাজার, কুমিল্লা, টাঙ্গাইল, রাজবাড়ি, মৌলভীবাজার ও জামালপুর।
আই/এ