রাজনীতি

সরকার কখনও সংস্কার বাস্তবায়ন করবে না : নাহিদ ইসলাম

এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, সরকার কখনও সংস্কার বাস্তবায়ন করবে না আমরা চেয়েছিলাম সংসদে সবকিছুর সমাধান হবে। কিন্তু সংসদকে ব্যর্থ করে দেওয়া হয়েছে। এবার আমাদের গণআন্দোলনের প্রস্তুতি নিতে হবে। গণআন্দোলন ছাড়া সরকার সংস্কার বাস্তবায়ন করবে না। তবে এবার পরিকল্পনা মোতাবেক রাজপথে নামতে হবে। এবার আর ব্যর্থ কিংবা অর্ধেক সফল হতে চাই না

রোববার (১২ এপ্রিল) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে এগারো দলীয় জোটের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের দুই বছর পরও আমরা সবাই এক জায়গায় আছি। আমরা সেই ঐক্যের জায়গায় আছি যে বাংলাদেশকে সংস্কারের মধ্য দিয়ে পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান বিএনপি সরকার

তিনি বলেন, সংস্কার কোনও দলের না। এটা বাংলাদেশ রক্ষার দাবি। এবার আজকে মঞ্চে যারা বসে আছেন তারা সামনে দাঁড়াবে

বিরোধী দলীয় হুইপ বলেন, গুলি আসলে আগে আমাদের বুকে লাগবে। আপনারা সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। সংস্কার বাস্তবায়ন করা হবে। বিএনপি কিংবা কোনও বিদেশি শক্তি বাধা দিলে তাদের পরাজিত করা হবে

তিনি আরও বলেন, এদেশের গণআন্দোলনের সুফল বিএনপি ভোগ করেছে। নব্বইয়ের গণঅভ্যুত্থানের সুফল তারা ভোগ করেছে। কিন্তু ক্ষমতায় বসে তিন জোটের রূপরেখাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখনও জুলাই সনদ এবং অধ্যাদেশ প্রত্যাখ্যান করছে।  

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন