জাতীয়

ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য ভারতের সুখবর

বাংলাদেশিদের জন্য দুই ক্যাটাগরির ভিসা প্রক্রিয়ায় বড় ধরনের সুখবর দিয়েছে ভারত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী সপ্তাহ থেকেই মেডিকেল ও ব্যবসায়িক ভিসা পাওয়া আরও সহজ হতে যাচ্ছে বলে জানা গেছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ককে ইতিবাচক পথে এগিয়ে নিতে হলে উভয় দেশেরই আন্তরিকতা প্রয়োজন।

একইসঙ্গে তিনি উল্লেখ করেন, বিএনপি সরকার দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করবে।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা আরও বলেন, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। পাইপ লাইনের জ্বালানি দেয়ার কারণে ভারতকে ধন্যবাদ জানিয়েছে সরকার।

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়াকে কেন্দ্র করে ভারতের সঙ্গে সম্পর্কে অবনতি হয় বাংলাদেশের। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে ভারতবিরোধী বিদ্বেষ ছড়ানোসহ আরও বিভিন্ন ইস্যুকে ঘিরে তলানিতে গিয়ে ঠেকে এই সম্পর্ক। তবে, ‘পজিটিভ মাইন্ডসেট থাকলে দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি সম্ভব’ বলে মনে করছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক ফলপ্রসূ হয়েছে বলেও জানান তিনি।

ওই বৈঠকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্য ভারতকে বার্তা দেয়া হয়েছে উল্লেখ করে হুমায়ূন কবির বলেন, শেখ হাসিনা, আওয়ামী লীগ বাংলাদেশে এখন অপ্রাসঙ্গিক। বাংলাদেশে তাদের আর গুরুত্ব নেই। শেখ হাসিনার বিষয়ে জুডিশিয়াল প্রসেসে এগোনো হবে।

এছাড়া, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যার দায়ে অভিযুক্ত দুই আসামি ভারতে গ্রেপ্তার হয়েছে। ভারতের সঙ্গে থাকা প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

তিনি বলেন, সম্ভাব্য সফর সার্কভুক্ত দেশগুলোতেও হতে পারে, তবে বিষয়টি এখনো আলোচনাধীন এবং চূড়ান্ত কিছু নির্ধারিত হয়নি।

বর্তমান সরকারের অবস্থান তুলে ধরে হুমায়ুন কবির আরও বলেন, সরকার সবসময় জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। তার ভাষায়, দেশের মানুষ নির্বাচিত সরকারের পক্ষেই রয়েছে, তাই আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করা সম্ভব।

তিনি আরও উল্লেখ করেন, বিএনপি সরকার কখনোই দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেবে না।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন