কুমিল্লায় চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ৭
কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাতজন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-১২০৯) হাসানপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় ট্রাকের ওপরে থাকা ১৩ জন যাত্রী নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় এবং ছয়জন গুরুতর আহত হন।
নিহতদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন—দিনাজপুরের নবাবগঞ্জ থানার খালিবপুর গ্রামের মোহাম্মদ আফজাল হোসেন, সোহরাব হোসেন ও সালেক; একই জেলার বিরামপুর থানার ভাইঘর গ্রামের সুমন, বিষু, আবু হোসেন ও আব্দুর রশিদ।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় হাইওয়ে পুলিশ। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয় এবং আহতদের চিকিৎসার জন্য স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এসি//