'যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ালে পাল্টা জবাব দেবে চীন'
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্ক বৃদ্ধির ইঙ্গিতের জবাবে কড়া অবস্থান নিয়েছে চীন। বেইজিং স্পষ্ট করে জানিয়েছে, এমন সিদ্ধান্ত কার্যকর হলে তারা প্রতিক্রিয়ামূলক ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ইরানকে সামরিক সহায়তা দেওয়ার যে অভিযোগ তুলে শুল্ক বাড়ানোর কথা বলা হচ্ছে, তা ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর প্রতিবেদনের ওপর দাঁড়িয়ে আছে বলে জানিয়েছে চীন। এ ধরনের তথ্যকে সম্পূর্ণ মনগড়া বলে প্রত্যাখ্যান করেছে দেশটি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় বলেন, এই অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। তিনি সতর্ক করে জানান, যদি এসব অজুহাতে যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ানোর পথে এগোয়, তাহলে চীনও পাল্টা পদক্ষেপ নেবে।
মুখপাত্র আরও বলেন, সামরিক পণ্য রপ্তানির ক্ষেত্রে চীন বরাবরই দায়িত্বশীল নীতি অনুসরণ করে এবং নিজস্ব আইন ও আন্তর্জাতিক নিয়ম মেনে কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখে।
এমএ//