৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থাগুলোতে শূন্য পদ পূরণে ২ হাজার ৮৭৯ জন নিয়োগের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।
তিনি আরও বলেন, দেশের শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রীয় পর্যায়ে একটি কমিটি কাজ করছে। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা এবং প্রতিটি উপজেলায় ১০ বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, হাই-টেক পার্ক, সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারগুলো কার্যকরভাবে পরিচালনা এবং বাংলাদেশে পেপালের কার্যক্রম চালুর বিষয়ে একটি পৃথক কমিটিও গঠন করা হয়েছে।
তিনি বলেন, নির্বাচনি ইশতেহারের আলোকে বেতন কাঠামোর আওতায় জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা থাকলেও ইতোমধ্যে ১২৯ জন ক্রীড়াবিদকে ভাতা প্রদান করা হয়েছে।
এছাড়া তিনি জানান, ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বিদ্যমান জামানতবিহীন ঋণসীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। পাশাপাশি জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভিসা পাওয়ার আগেই সার্টিফিকেট অব এলিজিবিলিটির ভিত্তিতে ঋণ গ্রহণের সুযোগ সহজ করা হয়েছে।
এসি//