দেশজুড়ে

হাতির হামলায় কৃষকের মৃত্যু, ধানখেতে মিলল রক্তাক্ত মরদেহ

ছবি: ফাইল ছবি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বন্য হাতির হামলায় ছাবের আহমেদ (৬৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গজালিয়া সাতঘরিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা যায়, পাহাড়সংলগ্ন এলাকায় নিজের বোরো ধানখেত পাহারা দিতে রাতভর অবস্থান করছিলেন ছাবের আহমেদ। ভোরের দিকে একটি বন্য হাতি নেমে এলে তিনি সেটিকে তাড়ানোর চেষ্টা করেন। এ সময় হাতিটি তাঁকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, এলাকায় সাম্প্রতিক সময়ে হাতির উপদ্রব বেড়ে যাওয়ায় রাতে আগুন জ্বালিয়ে ধানখেত পাহারা দিচ্ছেন কৃষকরা। বুধবার ভোরে  স্থানীয় মসজিদের ইমাম মোহাম্মদ আবদুল্লাহ  হাতির বিকট গর্জন শুনে ঘটনাস্থলে গিয়ে ছাবেরের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন। 

কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বিট কর্মকর্তা শাহ আলম বলেন, খাদ্যের সন্ধানে বন্য হাতি লোকালয়ে চলে আসায় এমন ঘটনা ঘটছে। নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা ও ক্ষতিপূরণ দেওয়া হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন