মোসাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইরানে ৪ জন গ্রেপ্তার
ইরানের উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’-এর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এবং আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, আইআরজিসির গোয়েন্দা ইউনিটের বিশেষ অভিযানে মোসাদের সঙ্গে যুক্ত এই চার ‘এজেন্ট’কে আটক করা সম্ভব হয়।
প্রতিবেদনে বলা হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে—তারা যুদ্ধকালীন পরিস্থিতিতে ইন্টারনেট ব্যবহার করে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা স্থাপনার ছবি ও অবস্থান তথ্য মোসাদের কর্মকর্তাদের কাছে পাঠাতেন। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে চালানো মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত তিন হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। এসব হামলায় এপ্রিল পর্যন্ত ২২১ জন শিশু নিহত হয়েছে এবং ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করা হয়।
এর পাল্টা জবাবে ইরানও ইসরায়েল, ইরাক, জর্ডান এবং মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন উপসাগরীয় কয়েকটি দেশে হামলা চালায়। চলতি সপ্তাহের শুরুতে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার আগে পরিস্থিতি চরম উত্তেজনাপূর্ণ অবস্থায় পৌঁছায়।
এসি//