আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে এই হজ ফ্লাইটের উদ্বোধন করবেন তিনি। রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ থেকে হজের উদ্বোধনী ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
প্রথমদিনে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ১৪টি ফ্লাইট ছেড়ে যাবে। এর মধ্যে ছয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইনস, চারটি সৌদি আরবের সাউদিয়া ও চারটি ফ্লাইনাসের মাধ্যমে পরিচালিত হবে।
২০২৬ সালে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি মাধ্যমে ৪ হাজার ৫৬৫ জন এবং বিভিন্ন হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের জন্য যাত্রা করবেন।
সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত হজচুক্তি অনুসারে মোট হজযাত্রীর শতকরা ৫০ ভাগ বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিবহন করবে। বাকি ৫০ ভাগের মধ্যে সৌদি আরবের সাউদিয়া ৩৫ শতাংশ ও ফ্লাইনাস ১৫ শতাংশ হজযাত্রী পরিবহন করবে।
প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা ১ জুলাই শেষ হবে।
এমএ//