চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, অভিযুক্তকে গণধোলাই
রাজশাহীর পুঠিয়া পৌরসভার কাউন্সিল বাজার এলাকায় চাঁদার টাকা না পেয়ে মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক মুদি দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত জুয়েল পুঠিয়ার কৃষ্ণপুর গ্রামের মৃত আনছারের ছেলে জুয়েল। এ ঘটনায় অভিযুক্ত মাইনুলকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয়রা
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৬টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, জুয়েল প্রতিদিনের মতো সকালে দোকান খুলে ভেতরে বসে ছিলেন। এ সময় কাঁঠালবাড়িয়া গ্রামের কামালের ছেলে মাইনুল (২৩) দোকানে প্রবেশ করে তার কাছে চাঁদা দাবি করে।
অভিযোগ রয়েছে, নেশার জন্য টাকা না পেয়ে দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ধস্তাধস্তির মধ্যে মাইনুল তার কাছে থাকা ছুরি দিয়ে জুয়েলের বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই স্থানীয় জনতা অভিযুক্ত মাইনুলকে ধাওয়া করে আটক করে এবং উত্তেজিত অবস্থায় গণধোলাই দিয়ে একটি দোকানের খুঁটির সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
আই/এ