আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আকাশসীমা খুলে দিল ইরান
ইরান আকাশপথ আংশিকভাবে উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে এবং শনিবার (১৮ এপ্রিল) থেকে দেশটির বেশ কয়েকটি বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে।
দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থার বরাতে আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ জানিয়েছে, আন্তর্জাতিক ফ্লাইটগুলো এখন থেকে ইরানের আকাশসীমার পূর্বাঞ্চল ব্যবহার করে চলাচল করতে পারবে।
গণমাধ্যমটি আরও জানায়, সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষের কারিগরি ও পরিচালনাগত প্রস্তুতির ভিত্তিতে পর্যায়ক্রমে দেশের সব বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক করা হবে, যাতে যাত্রীদের জন্য পুনরায় বিমান সেবা চালু করা যায়।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে চালানো মার্কিন-ইসরাইলি বিমান হামলায় এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এসব হামলায় এপ্রিল পর্যন্ত ২২১ জন শিশু প্রাণ হারিয়েছে এবং ৯৪২টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর জবাবে ইরান ইসরাইল, ইরাক, জর্ডানসহ উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। চলতি সপ্তাহের শুরুতে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার আগে পর্যন্ত পরিস্থিতি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ।
এসি//