আন্তর্জাতিক

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরাইল

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের পদত্যাগের দাবিতে শনিবার (১৮ এপ্রিল) তেল আবিবে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন।

এএফপি-এর এক প্রতিবেদনে জানানো হয়, এই বিক্ষোভে অংশ নিয়ে অনেকেই সরকারের নীতি ও সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভকারীদের একজন রাফায়েল পিনাইনা বলেন, নেতানিয়াহু ভেতর থেকে ইসরাইলি সমাজকে ক্ষতিগ্রস্ত করছেন এবং একই সঙ্গে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের কূটনৈতিক সম্পর্কও দুর্বল করে দিচ্ছেন।

তিনি জানান, এসব কারণেই তিনি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছেন।

তিনি আরও বলেন, জনগণ বর্তমান ও ভবিষ্যৎ সরকারের কাছে ৭ অক্টোবরের ঘটনা এবং পরবর্তী সময়ের ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করছে, কারণ সত্য জানা নাগরিকদের অধিকার।

অন্যদিকে সমাজকর্মী লি হফম্যান-আজিভ বলেন, তিনি মূলত সেখানে এসেছেন ৭ অক্টোবরের পর চলমান সংঘাতে নিহতদের পরিবারের প্রতি সমর্থন জানাতে।

আরেক বিক্ষোভকারী হাইম ট্রিভ্যাক্স অভিযোগ করেন, লেবানন ও ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি করে ইসরাইল ভুল পথে যাচ্ছে।

তার মতে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু দেশের স্বার্থ নয়, বরং ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে কাজ করছেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন