ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত
রাজধানীর মহাখালী ব্রাক ইউনিভার্সিটির সংলগ্ন পানির ট্যাংকির গলিতে জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে (৫০) ছুরিকাঘাত করা হয়েছে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। ঢামেকের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাক আহামেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডা. আহমদ হোসেনের হাতে, বাম বাহুতে ও পিঠে ছুরিকাঘাতের জখম রয়েছে। তাকে ভর্তি দেওয়া হয়েছে। তিনি আশংকামুক্ত রয়েছেন।
আহত উপ-পরিচালক জানান, “তিনি পায়ে হাটে যাওয়ার সময়ে তাকে দুই যুবক পথরোধ করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।”
নাম প্রকাশ না করার শর্তে আহতের এক বন্ধু জানান, ই জিপির মাধ্যমে যে টেন্ডার হয়। সেই টেন্ডারের ব্যবস্থা করে দেওয়ার জন্য ১৪-১৫ দিন আগে রুবেল নামে একজন ব্যক্তি ডা. আহমদকে হুমকি দিয়েছিলেন। বিষয়টি তিনি তাদের ঊর্ধ্বতনদের জানিয়েছিলেন।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান জানান, একটি চক্র আহত উপ-পরিচালককে বেশ কিছুদিন ধরে বিদেশি নম্বর থেকে টেন্ডার দেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিল। আজ ডিউটি শেষে বাসায় ফেরার পথে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলিতে তাকে ভয় দেখানোর জন্য পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যান দুই যুবক।
তিনি আরও জানান, পুলিশ এই বিষয়টি নিয়ে কাজ করছি। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন এবং আসামিদের ধরার চেষ্টা চলছে।
আই/এ