এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের মনোনীত প্রার্থী ও এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান।
তিনি বলেন, গত ২২ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় মনিরা শারমিনের কিছু ডকুমেন্টে ঘাটতি ছিল। সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে বলা হলে তিনি প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। এরপর সংরক্ষিত নারী আসন সংক্রান্ত আইন ও আরপিও’র প্রাসঙ্গিক ধারা পর্যালোচনা করা হয়।
এতে দেখা যায়, তিনি কৃষি ব্যাংকের মতো একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। আরপিও অনুযায়ী এমন প্রতিষ্ঠান থেকে চাকরি ছাড়ার বা অবসরের পর নির্বাচনে অংশ নিতে কমপক্ষে তিন বছর অতিবাহিত হতে হয়। কিন্তু তার ক্ষেত্রে সেই সময়সীমা পূরণ হয়নি। তাই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আই/এ