৯৯৯-এর ফোনকলে উদ্ধার হলো ভুল স্টেশনে নেমে যাওয়া শিশু
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া একটি ফোনকলের ভিত্তিতে নাটোর রেলস্টেশন থেকে ছয় বছরের এক শিশুকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তার বাবা এসে শিশুটিকে নিরাপদে নিয়ে যান।
তিনি জানান, বুধবার (২২ এপ্রিল) বিকেলে চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে থাকা রাশিদুল ইসলাম নামে এক যাত্রী ৯৯৯ নম্বরে কল করেন।
কলার জানান, তিনি দিনাজপুরের পার্বতীপুর থেকে পরিবারের সদস্যদের নিয়ে পাবনার ঈশ্বরদী যাচ্ছিলেন। পথিমধ্যে নাটোর রেলস্টেশনে ট্রেন থামলে তার ছয় বছর বয়সী কন্যা মরিয়ম আক্তার অসাবধানতাবশত ট্রেন থেকে নেমে পড়ে। তবে তাকে তুলতে যাওয়ার আগেই ট্রেনটি ছেড়ে দেয়, ফলে তিনি নামতে পারেননি।
এ অবস্থায় তিনি ৯৯৯ নম্বরে যোগাযোগ করে তার শিশুকন্যাকে উদ্ধারের জন্য সহায়তা চান। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ৯৯৯ থেকে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নিতে জানানো হয়।
কলটি গ্রহণ করেন কনস্টেবল সুমিত ঢালী এবং পুরো উদ্ধার কার্যক্রম তদারকি ও সমন্বয় করেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার উপ-পরিদর্শক দিলীপ কুমার বিশ্বাস।
খবর পেয়ে নাটোর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একটি দল স্টেশন থেকে শিশুটিকে উদ্ধার করে নিরাপদে নিজেদের জিম্মায় রাখে। পরে শিশুটির বাবাকে বিষয়টি জানানো হলে তিনি নাটোরে এসে মেয়েকে বুঝে নেন।
এসি//