আজ সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দেশের অন্যতম শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার বিস্তীর্ণ এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এই সাময়িক ভোগান্তির মুখে পড়তে যাচ্ছে স্থানীয় বাসিন্দা ও শিল্পপ্রতিষ্ঠানগুলো।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস সঞ্চালন পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় কাজের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এই সময়ে আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল সড়কের দুই পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের বেক্সিমকো ডিআরএস, কাশিমপুর, সারদাগঞ্জ এবং হাজী মার্কেট এলাকায় গ্যাস থাকবে না।
একইসঙ্গে শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন এবং সাভার ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকাও এই সাময়িক বন্ধের আওতায় পড়বে।
পাইপলাইনের কাজের বিস্তৃতি অনুযায়ী ডগাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনি, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া এবং দেওয়ান ইদ্রিস সড়কের দুই পাশের এলাকাগুলোতেও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডাবর, ভাদাইল, লতিফপুর, মানিকগঞ্জসহ আশপাশের সব এলাকায় সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
এসি//