নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত বেড়ে ৫
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দ্রুতগামী ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের আসাদমোড় এলাকার শামীম (৪৬), তার মেয়ে সাদিয়া আক্তার (৮), একই এলাকার সাইফুর রহমানের ছেলে মাইক্রোবাস চালক লিমন মিয়া (৪৮), তার মেয়ে মুন আক্তার (১০), জাহিদুল ইসলামের ছেলে নুরনবী মিয়া (২৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে ডাক্তার দেখিয়ে মাইক্রোবাসে করে ভুরুঙ্গামারীর দিকে যাচ্ছিল যাত্রীরা। অপরদিক থেকে আসা ভুট্টাবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানেই মারা যান সাদিয়া, নুরনবী মিয়া ও লিমন মিয়া।
আহতদের উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেলা সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান সাদিয়ার বাবা শামীম, লিমনের মেয়ে মুন। বুধবার সকালে নিহতদের মরদেহ গ্রামে পৌঁছালে শোকের মাতম ছড়িয়ে পড়ে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, সর্বশেষ রংপুরে নেওয়ার পথে শামীম ও মুন নামের আরও একজনের মৃত্যু হয়েছে।
এমএ//