ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপে বিশ্ব রাজনীতিতে উত্তাপ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে টেলিফোনে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) এই ফোনালাপ সম্পন্ন হয় বলে রুশ প্রেসিডেন্টের এক সহযোগী নিশ্চিত করেছেন।
বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
মস্কোতে এক সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্টের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ জানান, দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই আলোচনা রুশ পক্ষের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
উশাকভের ভাষ্য অনুযায়ী, আলোচনায় ইউক্রেন যুদ্ধ এবং ইরান পরিস্থিতি গুরুত্ব পায়।
তিনি জানান, পুতিন ট্রাম্পকে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত সঠিক পদক্ষেপ, যা আলোচনার সুযোগ তৈরি করে পরিস্থিতি স্থিতিশীল রাখতে সহায়তা করবে।
তিনি আরও জানান, পুতিন সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যদি সহিংস পদক্ষেপ নেয়, তাহলে এর প্রভাব শুধু ইরান বা প্রতিবেশী দেশগুলোর ওপর নয়, বরং পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যই গুরুতর ও ক্ষতিকর হবে। একই সঙ্গে তিনি ইরানে স্থল অভিযানকে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য ও বিপজ্জনক হিসেবে উল্লেখ করেন।
রুশ পক্ষ জানায়, রাশিয়া চলমান কূটনৈতিক উদ্যোগে সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মতবিরোধ নিরসনে ইতোমধ্যে একাধিক প্রস্তাবও দিয়েছে।
অন্যদিকে ইউক্রেন প্রসঙ্গে ট্রাম্প দ্রুত যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং সম্ভাব্য সমাধান খুঁজে বের করার ইচ্ছা প্রকাশ করেন বলে জানান উশাকভ।
তার মতে, ট্রাম্প বিশ্বাস করেন ইউক্রেন সংকট সমাধানের একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
ক্রেমলিনের এই উপদেষ্টা আরও জানান, ট্রাম্পের অনুরোধে পুতিন বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং পুনর্ব্যক্ত করেন যে, সামরিক অভিযানের লক্ষ্য যেকোনো মূল্যে অর্জন করা হবে, যদিও আলোচনার মাধ্যমে সমাধানকে তিনি সর্বোত্তম পথ হিসেবে বিবেচনা করেন।
এসি//