রাজনীতি

যেসব দূতাবাস প্রবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে পারে না সে দূতাবাস বন্ধ করা উচিৎ

জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, যেসব দূতাবাস বিদেশে আমাদের শ্রমিক ভাইদের ন্যূনতম স্বার্থ ও নিরাপত্তা রক্ষা করতে পারে না, সেসব দূতাবাস চালু রাখার কোনও যৌক্তিকতা নেই। প্রয়োজনে সেসব দূতাবাস বন্ধ করে দেওয়া উচিত।

শুক্রবার (১ মে) বিকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মালিক ও শ্রমিকের মধ্যে ইনসাফপূর্ণ এবং শান্তিপূর্ণ সম্পর্কে বিশ্বাস করে। আমরা এমন একটি ব্যবস্থা চাই, যেখানে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক নিশ্চিত হবে এবং মালিক-শ্রমিক কাঁধে কাঁধ মিলিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখবে।

তিনি বলেন,   সংসদে গিয়ে তারা ইতিহাসের শিক্ষক বা শিক্ষার্থী হতে চান না। জামায়াত জনগণের অধিকারের কথা বলতে চায় এবং শোষিত মানুষের প্রতিনিধিত্ব করতে চায়।

তিনি আরও বলেন,  বামপন্থীরা শ্রমিকদের অধিকার নিয়ে বেশি সংগ্রাম করেন। এখন বাংলাদেশ, তার আগে পাকিস্তান, ধারাবাহিকভাবে এটি চলে আসছে। যখনই কোনো ইস্যু আসে, বাম দলের নেতা-নেত্রীরা সামনে এসে দাঁড়িয়ে যান। তারপর আন্দোলন দানা বেঁধে ওঠে, মাঠ গরম হয়, কিছু মানুষের জীবন যায়, কিছু মানুষ আহত হন আর কিছু মানুষের চাকরি যায়। কিন্তু নেতা-নেত্রীরা রাতের আঁধারে তাদের ভাগটা পেয়ে যান এবং ভাগ পেয়ে তারা সন্তুষ্ট হয়ে যান। তখন গড়ে ওঠা আন্দোলনকে তারা ব্ল্যাকমেইলিং করেন। এভাবে যুগ যুগ ধরে নেতা-নেত্রীর কপালের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।

সমাবেশে জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন