জাতীয়

শুরু হচ্ছে ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুরু হচ্ছে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন, যা চলবে ৬ মে পর্যন্ত। আগামী রোববার (৩ মে) উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া এই সম্মেলনে মোট ৩৪টি অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নীতিগত বিষয় নিয়ে আলোচনা হবে।

সরকারের নীতিনির্ধারকেরা জেলা প্রশাসকদের পাঠানো প্রস্তাব থেকে বাছাই করা ৪৯৮টি সুপারিশ নিয়ে আলোচনা করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় পর্যায় থেকে মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাব পাঠানো হয়েছিল।

মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত এই সম্মেলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মাঠ প্রশাসনের প্রধান প্রতিনিধি হিসেবে জেলা প্রশাসকরা উন্নয়ন কার্যক্রম, নীতিনির্ধারণ ও প্রশাসনিক সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এবারের সম্মেলনকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ধরা হচ্ছে, কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের অধীনে এটি প্রথম জেলা প্রশাসক সম্মেলন।

সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অধিবেশনের পর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেবেন।

প্রথম দিনের আলোচনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং আইন মন্ত্রণালয়ের বিষয়গুলো স্থান পাবে। দিন শেষে জেলা প্রশাসকরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

দ্বিতীয় দিনে অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে এবং জেলা প্রশাসকরা জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে মতবিনিময় করবেন।

তৃতীয় দিনে বিদ্যুৎ, জ্বালানি, সশস্ত্র বাহিনী বিভাগসহ গুরুত্বপূর্ণ খাতগুলো নিয়ে আলোচনা হবে। একই দিনে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ এবং নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয়েও আলোচনা করার কথা রয়েছে।

সম্মেলনের শেষ দিনে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ অন্যান্য প্রশাসনিক বিষয় আলোচনায় আসবে। রাতের শেষ পর্বে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হবে।

সরকার মনে করছে, এই চার দিনব্যাপী সম্মেলন মাঠ প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন