দেশজুড়ে

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ

গণভোটের রায় কার্যকর, খুন-ধর্ষণ ও চাঁদাবাজি বন্ধ এবং জ্বালানি ও বিদ্যুৎ সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় ঐক্যজোট।

শনিবার (০ ২ মে) আসরের নামাজের পর জেলা শহরের মুক্তির সোপান চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করার বিষয়টি বিএনপির পূর্বনির্ধারিত অবস্থান ছিল। তিনি দাবি করেন, জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও তা স্বীকার করেছেন।

তিনি আরও অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি নানা কৌশল ও পরিকল্পনার মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মুফতি হাফেজ আমজাদ হোসেন, জাতীয় যুব শক্তির জেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শহীদুল ইসলাম, পৌর আমির মো. আব্দুল লতিফ, সদর উপজেলা আমির অ্যাডভোকেট নাজিম উদ্দিন এবং ছাত্রশিবিরের সিরাজগঞ্জ শহর সদস্য শাখার সভাপতি মো. হাবিবুল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা এখনো মানুষের মধ্যে বিদ্যমান রয়েছে এবং জনগণের প্রত্যাশা হচ্ছে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন। তাদের অভিযোগ, সরকার এসব দাবি উপেক্ষা করছে, যার ফলে সাধারণ মানুষ আন্দোলনে নামতে বাধ্য হচ্ছে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন