দেশজুড়ে

৩ জেলায় সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ১১ জনের মৃত্যু

দেশের তিন জেলায় ভোরের আলো ফুটতেই ঝরে গেল নারী ও শিশুসহ ১১টি প্রাণ। মাত্র আধ ঘণ্টার ব্যবধানে সিলেট ও চাঁপাইনবাবগঞ্জে প্রাণ হারিয়েছে ১০ জন। এছাড়া কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরও এক শিশুর।

রোববার (০৩ মে) সকালে সিলেটে জেলার দক্ষিণ সুরমায় উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত সাতজন। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা সকলেই নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনায় চারজনের পরিচয় শনাক্ত করা গেলেও বাকি চারজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার ভোর ৬টায় মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। 

নিহতরা হলেন, সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত খরম আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার শেষস্তি গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (৩৫), সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার সুজাত আলীর ছেলে মো. বদরুল (৩০) এবং দিরাই উপজেলার নুরনগর এলাকার মৃত নূর সালামের ছেলে মো. ফরিদুল (৩৫)।

এদিকে, সিলেটের এ দুর্ঘটনার মাত্র আধা ঘণ্টা আগে ভোর সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল-আড্ডা সড়কের বেনীপুর-এলাকার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলা জিসান (৩৫) ও সোহান (১৫)। 

ঘাতক ট্রাকটিকেও জব্দ ও উক্ত ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন, নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ।

একই সকালে, কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার বানিয়াপাড়া এলাকায় বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মো. খালিদ হোসেন (৮) নামে এক শিশু প্রাণ হারিয়েছে বলে নিশ্চিত করেছেন, দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন