সাত নদীর পানি বিপৎসীমার উপরে; বন্যার আশঙ্কা
দেশের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গেল ২৪ ঘণ্টায় দেশের এসব অঞ্চলে মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের কারনেই বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
সোমবার (৪ মে) এমন পূর্বাভাস জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পাউবো বলছে, গেল ২৪ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলের নেত্রকোনার জারিয়াজঞ্জাইলে ৭৪ মিলিমিটারি; হবিগঞ্জে ৭৪ মিলিমিটারি ও চাঁদপুর ৬১ মিলিমিটারি বৃষ্টিপাত হয়েছে।
সকাল ৯টায় পাঠানো পূর্বাভাসে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় উত্তর পূর্বাঞ্চলের হাওড় এলাকার তিনটি জেলার সাতটি নদীর ৮টি স্টেশন এলাকার পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এরমধ্যে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে নলজুর নদীর পানি ১১ সেন্টিমিটার বেড়ে ৪০ বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। এছাড়া নেত্রকোনার জারিয়াজঞ্জাইল এলাকায় ধনু-বাউলাই নদীর পানি ৯ সেমি বেড়ে ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই জেলার সোমেশ্বরী নদীর কলমাকান্দা এলাকায় পানি ১৪ সেমি কমলেও বিপৎসীমার ৫০ সেন্টিমিটার উপরে আছে। ভুগাই-কংশ নদীর পানি ২২ সেমি কমলেও ৬৭ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে হবিগঞ্জ জেলার কালনি নদীর পানি ১৫ সেমি বেড়ে আজমিরিগঞ্জ এলাকায় ১০ সেন্টিমিটার ওপরে, সুতাং নদীর পানি ২৩ সেমি বেড়ে ৮৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি সুনামগঞ্জের হাওর অঞ্চলে নদীগুলোর পানিও ধীরে ধীরে বাড়ছে।
ভারতের বিশেষ বুলেটিন থেকে জানা গেছে, মেঘালয় ও আসামে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাত হয়েছে। গেল ২৪ ঘন্টায় মেঘালয়ের চেরাপুঞ্জিতে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।