ট্রাম্পের ‘উনো কার্ড অ্যাটাক’-এর জবাবে ইরান দেখালো ‘স্কিপ কার্ড’
সামাজিক যোগাযোগমাধ্যমে তাস খেলার জনপ্রিয় ধারণাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ব্যতিক্রমধর্মী এক বার্তা আদান–প্রদান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ঘটনার শুরু হয় হোয়াইট হাউসের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্টকে ঘিরে। সেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একগুচ্ছ উনো কার্ড হাতে দেখা যায়। ছবিতে একটি ‘ওয়াইল্ড কার্ড’ স্পষ্টভাবে ফুটে ওঠে এবং বড় অক্ষরে লেখা ছিল—“সব কার্ডই আমার হাতে।” পোস্টটি প্রকাশের পরই দ্রুত তা নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
এর কিছু সময় পরই ইরানের পক্ষ থেকেও একই ধরনের ভিজ্যুয়াল ভাষায় একটি পাল্টা পোস্ট দেওয়া হয়। সেখানে তুলনামূলকভাবে কম কার্ড দেখানো হলেও ‘+৪’ এবং ‘স্কিপ’ কার্ডকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়, যা অনেকেই কৌশলগত পাল্টা অবস্থানের প্রতীক হিসেবে ব্যাখ্যা করছেন। পুরো বিষয়টি উনো গেমের স্টাইল অনুসরণ করায় সেটি দ্রুত ভাইরাল হয়ে ওঠে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দেওয়ার ক্ষেত্রে ভিন্নধর্মী কৌশল ব্যবহার করে আলোচনায় এসেছিল ইরান। বিশেষ করে হরমুজ প্রণালী ইস্যুতে মালয়েশিয়ায় অবস্থিত ইরান দূতাবাসের একটি পোস্টে যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে উদ্দেশ করে ‘ছোট্ট কমলা মানুষ’ শব্দবন্ধ ব্যবহার করা হয়, যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। ওই পোস্টের সঙ্গে একটি ভিডিওও যুক্ত ছিল, যেখানে ‘লিটল অরেঞ্জ ম্যান’ শিরোনামের একটি র্যাপ গান শোনা যায়।
ভিডিওটি প্রকাশের পর তা দ্রুত বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এবং কূটনৈতিক বার্তা আদান–প্রদানে সামাজিক মাধ্যমের এমন সৃজনশীল কিন্তু বিতর্কিত ব্যবহার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
সূত্র: এনডিটিভি
এসি//