বাংলাদেশে ইতিহাসে এর আগে এত ভালো মানের নির্বাচন হয়নি : সেনাপ্রধান
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন,সামরিক ও বেসামরিক প্রশাসন একসঙ্গে কাজ করলে সবচেয়ে কঠিন কাজও সফলভাবে সম্পন্ন করা সম্ভব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই সমন্বিত সহযোগিতারই উৎকৃষ্ট উদাহরণ।” বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনও এত ভালো মানের নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী মেমোরিয়াল অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, “আমি আপনাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আপনারা জাতিকে একটি চমৎকার নির্বাচন উপহার দিয়েছেন। আমরা আপনাদের পাশে ছিলাম, তবে নির্বাচন আয়োজনের সম্পূর্ণ দায়িত্ব আপনাদেরই ছিল।”
তিনি বলেন, “এক পর্যায়ে দেশে আশা ও হতাশা— উভয় পরিস্থিতিই তৈরি হয়েছিল। অনেকেই ধারণা করেছিলেন নির্বাচন হয়তো অনুষ্ঠিত হবে না। কিন্তু সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টায় সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে এবং দেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে।”
তিনি আরও বলেন, ‘প্রয়োজন হলে সেনাবাহিনী দ্রুত সহায়তা প্রদান অব্যাহত রাখবে। সংশ্লিষ্ট সেনা ইউনিটগুলোকে অবহিত করা হলে তারা তাৎক্ষণিক সাড়া দেবে। প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা কিংবা যেকোনও জরুরি পরিস্থিতিতে সহায়তা দিতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে।
আই/এ