কিশোরগঞ্জ হাসপাতালের বেহাল দশা; রুগীদের খেতে দেয় কাঁচকলা
লিভারের সমস্যায় আক্রান্ত হয়ে কিশোরগঞ্জের করিমগঞ্জের বীর মুক্তিযোদ্ধা জব্বার মাস্টারের স্ত্রী আছিয়া খাতুন (৬৫) ভর্তি হয়েছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্ত হাসপাতালের অব্যবস্থাপনা আর নিম্নমানের খাবার নিয়ে চরম বিপাকে পড়েছেন তিনি।
সোমবার (০৪ মে) হাসপাতালে সকালের নাস্তায় রুটি ও সিদ্ধ ডিমের সাথে দেয়া হয় একটি কাঁচকলা। এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচিত হচ্ছে।
হাসপাতালটির মহিলা মেডিসিন ওয়ার্ডের হেপাটোলজি ইউনিটের ৪১ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন তিনি। আছিয়া বেগমের অভিযোগ পেয়ে অনুসন্ধান করতে গেলে দেখা গেছে, হাসপাতালের খাবার সরবরাহের বেহাল দশা। অস্বাস্থ্যকর খাবার রোগীদের শারীরিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

আছিয়া খাতুন ক্ষোভ প্রকাশ করে জানান,"১২ দিন যাবত তিনি চিকিৎসাধীন আছেন। সোমবার তাকে খাবারের সঙ্গে একটি কাঁচা কলা, একটি পাউরুটি এবং একটি ডিম দেওয়া হয়েছে। এই কলা আরও পাঁচ দিন রেখে দিলেও পাকার কোনো সম্ভাবনা নেই।
১১-১২ দিন ধরেই এখানে এমন অস্বাস্থ্যকর খাবার দেয়া হচ্ছে। মাঝেমধ্যে একটু আধটু নরম কলা দেওয়া হলেও, বেশিরভাগ সময় কাঁচা কলাই জোটে। কোনোদিন ডিম থাকে না, তো কোনোদিন কলা থাকে না; শুধু রুটিটাই নিয়মিত দেওয়া হয়।"
আছিয়ার স্বজন মিজানুর রহমান জানিয়েছেন, হাসপাতালের এক অংশে আলো থাকলেও অন্য অংশে কোনো বাতি নেই। বেশীরভাগ টয়লেটই ব্যবহারের মতো ন্যূনতম কোনো পরিবেশ নেই। সব ওয়ার্ডে পানির পর্যাপ্ত ব্যবস্থা না নেই। পাঁচ-ছয় তলা থেকে নিচে নেমে অনেক দূর থেকে পানি সংগ্রহ করে রোগীর স্বজনরা।
এ ব্যাপারে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেছেন, সিদ্দিকী এন্টারপ্রাইজ হাসপাতালে খাবার সরবরাহ করে। বিষয়টি তাকে কেউ জানায়নি। জানালে ব্যবস্থা নিতেন। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।