আ.লীগের আমলে দেয়া অস্ত্রের লাইসেন্স যাচাই-বাছাইয়ের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে দেয়া অস্ত্রের লাইসেন্স যাচাই-বাছাইয়ের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাজনৈতিক ও দলীয় বিবেচনায় ২০০৯ সালের ৬ জানুয়ারির পর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত অনেক অস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছে।
বুধবার (০৬ মে) জেলা প্রশাসক সম্মেলনে ডিসিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লাইসেন্সকৃত অস্ত্র জমা নেয়া হয়েছিল। সেগুলো এখনও ফেরত দেয়া হয়নি। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক ও দলীয় বিবেচনায় অনেক অস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছে। সেগুলো ফেরত না দিয়ে যাচাই-বাছাইয়ে জন্য ডিসিদের নির্দেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, ‘নির্বাচনের আগে সরকারের নির্দেশনার পরও ১০ হাজার লাইসেন্সকৃত অস্ত্র জমা পড়েনি। সেগুলোও উদ্ধারের নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে এসব লাইসেন্সধারীর বিরুদ্ধে মামলা করার জন্য বলা হয়েছে।’
রাজনৈতিক মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যেসব রাজনৈতিক মামলা দায়ের হয়েছে, সেগুলোও স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যাহারের উদ্যোগ নেয়া হবে।
ঈদযাত্রা প্রসঙ্গে তিনি জানান, ঈদের সাত দিন আগে পুলিশ সদর দপ্তরে একটি মনিটরিং সেল চালু করা হবে, যাতে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করা যায়। যেসব জেলায় ফেরিঘাট রয়েছে, সেখানে ফেরিতে ওঠার আগে যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, গ্রামীণ পর্যায়ে ৭ দিন কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে।
এছাড়া পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রেক্ষাপটে পুশব্যাকের মতো ঘটনা এড়াতে সীমান্তে সতর্ক থাকতে বিজিবিকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এমএ//