দেশজুড়ে

প্রবাসীর স্ত্রীর ঘরে আলমারি থেকে ধরা পড়লেন স্কুল দপ্তরি!

ফরিদপুর জেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া এলাকায় এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে মো. আজাদ শেখ নামে এক স্কুল দপ্তরিকে আটক করার ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে এ ঘটনার একটি ৫৫ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।

স্থানীয়দের অভিযোগ, বড় খারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি আজাদ শেখের সঙ্গে ওই প্রবাসীর স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এ কারণে তিনি প্রায়ই গভীর রাতে ওই বাড়িতে যাতায়াত করতেন বলেও দাবি তাদের। ঘটনার রাতে স্থানীয়রা বাড়িটি ঘিরে ফেললে তাকে ঘরের একটি আলমারির ভেতর থেকে বের করে আটক করা হয় বলে ভিডিওতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।

তবে পরে তাকে পুলিশের কাছে না দিয়ে একটি প্রভাবশালী মহলের মধ্যস্থতায় অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনা নিয়ে প্রবাসীর স্ত্রী দাবি করেন, পাশের বাড়িতে মৃত্যুর খবর শুনে তিনি সেখানে গিয়েছিলেন। পরে বাসায় ফিরে এসে আজাদকে ঘরের ভেতরে দেখতে পান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আজাদ আলমারির ভেতরে লুকিয়ে পড়েন বলে তিনি জানান।

এদিকে স্থানীয় ইউপি সদস্য মো. ইরন পুরো ঘটনাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার ভাষ্য, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। পাশাপাশি এ বিষয়ে সংবাদ প্রকাশ না করারও অনুরোধ জানান তিনি।

অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, দপ্তরি আজাদের পক্ষ থেকে ছুটির আবেদন করা হয়েছিল এবং সেটি অনুমোদনও দেওয়া হয়। পরে স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন