কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী আজ
আজ ২৫ বৈশাখ, বাংলা সাহিত্য ও সংস্কৃতির অবিস্মরণীয় মহীরুহ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। ১৮৬১ সালের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন বিশ্বকবি। তার বাবা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা সারদা সুন্দরী দেবী।
কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সুরকার, চিত্রকর, ছোটগল্পকার ও দার্শনিক— বহুমাত্রিক প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যকে বিশ্ব-দরবারে বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন। একইসঙ্গে বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা তিনি।
১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই পুরস্কার পেয়ে এশিয়ার প্রথম নোবেলজয়ী সাহিত্যিক হিসেবে ইতিহাসে স্থান করে নেন তিনি।
বাংলা কাব্য, সংগীত, ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ ও নাটকে রবীন্দ্রনাথের অবদান অনন্য। তার সাহিত্যকর্মে মানবতা, অসাম্প্রদায়িকতা, প্রেম, প্রকৃতি ও মুক্তচিন্তার গভীর প্রতিফলন ঘটেছে। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি শিক্ষা ও সমাজ সংস্কারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।
১৯০১ সালে পশ্চিমবঙ্গের শান্তি নিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন তিনি। পরবর্তীতে ১৯২১ সালে প্রতিষ্ঠা করেন ‘শ্রীনিকেতন’ এবং ১৯২৩ সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশের কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি, সিরাজগঞ্জের শাহজাদপুর এবং নওগাঁর পতিসরের সঙ্গে জড়িয়ে আছে কবির স্মৃতি। পূর্ব পুরুষের জমিদারি তদারকির প্রয়োজনে তিনি দীর্ঘদিন শিলাইদহে অবস্থান করেছেন। সেখানে অবস্থানকালে রচনা করেন অনেক কবিতা ও গান।
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে চার দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এছাড়া ছায়ানট-এর আয়োজনে দুই দিনব্যাপী রবীন্দ্র উৎসব শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়, ছায়ানট মিলনায়তনে।
একইসঙ্গে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার দুই দিনব্যাপী ৩৭তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু হবে সকাল ১০টায়, মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে।
এছাড়া কণ্ঠশীলনের নবীনবরণ ও রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠান সকাল সাড়ে ৮টায় এলিফ্যান্ট রোডের ওয়াহিদুল হক মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় বিশ্বসাহিত্য কেন্দ্র-এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিকে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ‘রবীন্দ্র-পুরস্কার ২০২৬’ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এমএ//