দুর্নীতির দায়ে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড
দুর্নীতির অভিযোগে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে এবং লি শাংফুকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির সামরিক আদালত। বৃহস্পতিবার (০৭ মে) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
রায়ে বলা হয়েছে, দুই বছরের জন্য তাদের মৃত্যুদণ্ড স্থগিত থাকবে। এরপর সাজা কমিয়ে প্যারোল বা সাজা হ্রাসের সুযোগ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করা হবে। একইসঙ্গে তাদের সব ব্যক্তিগত সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, ঘুষ গ্রহণ এবং অন্যদের অবৈধ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে দুই সাবেক মন্ত্রীকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
ওয়েই ফেংহে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত চীনের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ২০২৩ সালের মার্চে তার স্থলাভিষিক্ত হন লি শাংফু। তবে লি’র দায়িত্বকাল ছিল খুবই স্বল্প সময়ের। ২০২৩ সালের আগস্টে তিনি হঠাৎ জনসমক্ষে অনুপস্থিত হয়ে পড়েন। পরে একই বছরের অক্টোবরে তাকে পদচ্যুত করা হয়।
চীনা তদন্ত সংস্থার দাবি, লি শাংফু বিপুল পরিমাণ ঘুষ গ্রহণ করেছিলেন এবং অন্যদের ঘুষ দিতে সহায়তা করেছিলেন। এছাড়া রাজনৈতিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে ব্যক্তিগত সুবিধা আদায়ে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অন্যদিকে ওয়েই ফেংহের বিরুদ্ধেও বিপুল অর্থ ও মূল্যবান সামগ্রী ঘুষ হিসেবে গ্রহণ এবং বিভিন্ন নিয়োগে অবৈধ সুবিধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
সাম্প্রতিক সময়ে চীনের সামরিক বাহিনীতে ব্যাপক দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে একের পর এক শীর্ষ সামরিক কর্মকর্তাকে অপসারণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশটির প্রভাবশালী সামরিক কর্মকর্তা ঝ্যাং ইউশিয়াকেও সম্প্রতি দায়িত্ব থেকে সরানো হয়েছে।
তবে সমালোচকদের অভিযোগ, শি জিনপিং ক্ষমতায় আসার পর থেকে দুর্নীতিবিরোধী অভিযানকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে দেওয়ার হাতিয়ার হিসেবেও ব্যবহার করা হচ্ছে।
এমএ//