কোটি টাকার হেরোইনসহ নারী গ্রেপ্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে প্রায় কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
শনিবার (৯ মে) সন্ধ্যায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার হরিণচড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রোববার (১০ মে) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন তাবরীজ তাজওয়ার শরীফ।
তিনি জানান, তদন্তের স্বার্থে গ্রেপ্তার হওয়া ৫২ বছর বয়সী ওই নারীর পরিচয় আপাতত প্রকাশ করা হয়নি।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় হরিণচড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন ওই নারীকে আটক করে তল্লাশি চালালে তার কাছে থাকা এক কেজি হেরোইন উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, উদ্ধার হওয়া হেরোইনের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আই/এ