আন্তর্জাতিক

ভারতে ভয়াবহ ঝড়-বৃষ্টিতে ৩৩ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত ফাইল ছবি

ভারতের উত্তরপ্রদেশে প্রবল ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে এখন পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের ভাদোহী, ফতেহপুর এবং বুধাউনসহ পাঁচ জেলায় ভয়াবহ ক্ষয়-ক্ষতির খবর পাওয়া গেছে।

বুধবার (১৩ মে) উত্তরপ্রদেশের ভাদোহী জেলায় ১৬ জন প্রাণ হারিয়েছে। এছাড়া, ফতেহপুরে ৯ জন এবং বুধাউনে ৫ জন সহ মোট ৩৩ জন ঝড় বৃষ্টিতে মারা যায়।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ভয়াবহ বিপর্যয়ের ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রিলিফ কাজ শেষ হবে।

ভাদোনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুনওয়ার বীরেন্দ্র কুমার জানিয়েছেন, ঝড়ে বিভিন্ন এলাকার গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। যার ফলে মোবাইল নেটওয়ার্ক সেবা বিঘ্নিত হওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

তিনি আরও বলেন, ভয়াবহ বিপর্যয়ে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আসছে।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে ভাদোহী পুলিশ জানিয়েছেন, জেলার বিভিন্ন এলাকায় এই বিপর্যয়ে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন। এরমধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ফতেহপুরে ৯ জন নিহত হওয়ার পাশাপাশি ১৬ জন আহত হয়েছেন। এরমধ্যে শুধু খাগা তেহসিলে পাঁচজন নারীসহ মোট আট জনের মৃত্যু হয়েছে। 

অপরদিকে সদর তেহসিলে বাড়ির দেয়াল ধসে আরেক নারীর মৃত্যু হয়।

এই ভয়াবহ বিপর্যয়ে মানুষের প্রাণহানির পাশাপাশি গবাদি পশু এবং ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন