আইন-বিচার

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ১৪টির মধ্যে ১৩ পদে বিএনপিপন্থীদের জয়

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে ১৪টি পদের মধ্যে ১৩টিতেই জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল। বাকি একটি সদস্য পদে জয়ী হয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী।

বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ২টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী।

ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ২ হাজার ৯৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের আব্দুল বাতেন পেয়েছেন ৭৭৮ ভোট।

সম্পাদক পদেও জয় পেয়েছে নীল প্যানেল। এ পদে মোহাম্মদ আলী ২ হাজার ৫৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী এ কে এম রেজাউল করিম খন্দকার পেয়েছেন ৭৮৬ ভোট।

বিএনপি সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত অন্যরা হলেন— সহসভাপতি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান এবং সহসম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল।

সদস্য পদে জয়ী হয়েছেন এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী। অন্যদিকে জামায়াত সমর্থিত প্যানেল থেকে সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. আজিম উদ্দিন পাটোয়ারী।

১৩ ও ১৪ মে দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৪ হাজার ৪৮টি ভোট পড়ে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন