বেড়েছে ডিম-মুরগির দাম, স্বস্তি নেই সবজির বাজারে
ফের রাজধানীর ডিম ও মুরগির বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সবজির দাম। ফলে চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা।
শুক্রবার (১৫ মে) ঢাকার বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে প্রায় ২০০ টাকায়। এক ডজন ডিম কিনতে গুনতে হচ্ছে ১৫০ টাকা। এছাড়া সোনালি মুরগির দাম কেজিতে ৩৩০ থেকে ৩৫০ টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়।
ব্যবসায়ীরা জানান, এক মাস আগেও সোনালি মুরগির দাম ছিল ৩০০ থেকে ৩২০ টাকার মধ্যে। আর ব্রয়লার বিক্রি হতো ১৭০ থেকে ১৭৫ টাকায়। বর্তমানে সব ধরনের মুরগির দামই বেড়েছে।
এদিকে সবজির বাজারেও স্বস্তি নেই। বর্তমানে বেশিরভাগ সবজির দামই ৭০ টাকার বেশি। পেঁপে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। বেগুনের দাম মানভেদে ৯০ থেকে ১২০ টাকা পর্যন্ত। এছাড়া ঢ্যাঁড়স, ঝিঙে, ধুন্দল ও চিচিঙ্গার দাম কেজিতে ৮০ থেকে ১০০ টাকার মধ্যে রয়েছে। করলা, বরবটি ও কাকরোলের দাম আরও বেশি, যা ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত উঠেছে।
এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দামও বেড়েছে। বর্তমানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে, যা কিছুদিন আগেও ছিল ৩৫ থেকে ৪০ টাকা। একইভাবে আদার দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে এখন ১৭০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারের এমন পরিস্থিতিতে সাধারণ ক্রেতারা বলছেন, ঈদ সামনে রেখে বাজার তদারকি বাড়ানো না হলে নিত্যপণ্যের দাম আরও বেড়ে যেতে পারে।
এমএ//