দেশজুড়ে

ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে মুক্তিপণ আদায়

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ কৃষি ব্যাংকের এক শাখা ব্যবস্থাপককে মাইক্রোবাসে তুলে অপহরণ, নির্যাতন এবং মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটেছেদীর্ঘ চার ঘণ্টা আটকে রাখার পর শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুস সবুরকে  গুরুতর আহত অবস্থায়  মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৫ মে ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি কালিয়াকৈর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। আজ (১৬ মে) কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যাংক সূত্রে জানা যায়, গতকাল বিকেল ৫টার দিকে আব্দুস সবুর কালিয়াকৈর বাইপাস এলাকায় নিজ গ্রামের বাড়ি বগুড়ায় যাওয়ার উদ্দেশ্যে বাসের জন্য অপেক্ষা করছিলেন। ঠিক সেই সময় একটি মাইক্রোবাস হঠাৎ এসে তাকে ধাক্কা দেয়। তিনি কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন দুর্বৃত্ত জোরপূর্বক তাকে গাড়ির ভেতরে তুলে নেয়।

অপহরণের পর প্রায় চার ঘণ্টা ধরে চলন্ত মাইক্রোবাসের ভেতরে তাকে মারধর করা হয়। নির্যাতনের একপর্যায়ে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকেই স্বজনদের কাছে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ আদায় করে অপহরণকারীরা।

পরে রাত প্রায় ১০টার দিকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের কবিরপুর এলাকায় তাকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন