আট মাসের শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় একটি বাসা থেকে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন কলাগাছিয়া এলাকার চিত্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের আট মাস বয়সী সন্তান।
রোববার (১৭ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। সোমবার (১৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।
পুলিশ জানায়, আমিরাবাদ এলাকায় মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাড়িতে প্রায় তিন বছর ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ।
রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে চিত্ময় দাস তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই বাসায় যান। পরে গভীর রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, ঘটনার সময় পাশের কক্ষে একাই ছিলেন মিষ্টি বাড়ৈ। তার ফোনকলের পর পুলিশ সেখানে যায়। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসি//