জাতীয়

জুনে তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও গভীর করতে আগামী জুনের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিং সফরে আমন্ত্রণ জানাতে আগ্রহ দেখিয়েছে চীন।

কূটনৈতিক সূত্র বলছে, বেইজিংয়ের প্রস্তাব অনুযায়ী এ সফর দুই দিনের বেশি সময়ের হতে পারে।

সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, সফরের সম্ভাব্য সময় নিয়ে আলোচনা এগোলেও চূড়ান্ত দিনক্ষণ এখনো নির্ধারণ হয়নি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, বেইজিং পৌঁছানোর দিনই প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠকে বসতে পারেন।

গত সপ্তাহে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী অবশ্যই চীন সফর করবেন।

তিনি জানান, বাংলাদেশে উন্নয়ন সহযোগী হিসেবে চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুবিধাজনক সময়েই এই সফর অনুষ্ঠিত হবে।

এর আগে ৮ মে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রযাত্রায় পাশে থাকার আশ্বাসও দেয় বেইজিং।

ঢাকা ও বেইজিংয়ের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, গত ৬ মে বেইজিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই–এর বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেয়া হয়। সেখানে রাজনৈতিক পর্যায়ে যোগাযোগ বাড়ানো এবং প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর বিশেষভাবে আলোচনায় আসে।

বিশ্লেষকদের মতে, ফেব্রুয়ারির নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই চীনের সঙ্গে বাংলাদেশের উচ্চপর্যায়ের যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত মাসে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল চীন সফর করে। এর ধারাবাহিকতায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাম্প্রতিক বেইজিং সফরকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন