চতুর্থ মৌসুম নিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা
দীর্ঘ বিরতির পর নতুন আয়োজন নিয়ে আবারও ফিরছে জনপ্রিয় সংগীতভিত্তিক প্ল্যাটফর্ম কোক স্টুডিও বাংলা। এরই মধ্যে চতুর্থ মৌসুমের কাজ শুরু হয়েছে এবং ঢাকায় একটি গানের শুটিংও সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গেল ১৪ ও ১৫ মে রাজধানীতে নতুন মৌসুমের একটি গানের দৃশ্যধারণ করা হয়। এতে অংশ নেন দুইজন শিল্পী। পর্যায়ক্রমে বাকি গানগুলোর শুটিংও শেষ করা হবে বলে জানা গেছে।
তবে এবারের মৌসুমে কোন কোন শিল্পী থাকছেন কিংবা গানগুলো কবে প্রকাশ করা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। শিগগিরই বিস্তারিত ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্টরা ইঙ্গিত দিয়েছেন।
এর আগে ২০২৪ সালের ১৩ এপ্রিল কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুম শুরু হয়েছিল। পরে বিরতির পর ২০২৫ সালের ২৩ আগস্ট নতুন গান প্রকাশের মাধ্যমে আবারও কার্যক্রম চালু করা হয়।
২০২২ সালে যাত্রা শুরু করা কোক স্টুডিও বাংলা ইতোমধ্যে তিনটি মৌসুমে একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছে। প্রথম মৌসুমে প্রকাশিত হয়েছিল ১০টি গান।
চতুর্থ মৌসুমের খবর সামনে আসতেই সংগীতপ্রেমীদের মধ্যে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস তৈরি হয়েছে।
পিডি/এমএ//