নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, আটক ৩
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতা ওসমান গণি (৩৫) দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২০ মে) দিবাগত রাতে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওসমান গণি বড় বিনাইরচর গ্রামের মৃত আব্দুল আব্দুর রশিদের ছেলে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রমজান মিয়াসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টার দিকে নিজের মাটি কাটার ভেকু গাড়ি আটকে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান ব্যবসায়ী ওসমান গণি। এসময় মোটরসাইকেলে কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে পাঁচগাঁও এলাকায় পৌঁছানোর পর ২০ থেকে ২৫ জনের একটি মুখোশধারী সশস্ত্র দল তাদের ঘিরে ফেলে।
একপর্যায়ে ওসমান গণির ওপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায় তারা। মাথা, গলা ও ঘাড়ে গুরুতর আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ড সভাপতি ইসমাইল মিয়া দাবি করেন, মাটি কাটাকে কেন্দ্র করে ওসমান গণির সঙ্গে রমজান মিয়ার বিরোধ চলছিল। এ নিয়ে ওসমানের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। মঙ্গলবার এ বিষয়ে দু’পক্ষের মধ্যে বাগবিতণ্ডাও হয় বলে জানান তিনি।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে বড় বিনাইরচর এলাকায় বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এ সময় ভুলতা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও কয়েকটি অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটে।