দেশজুড়ে

পাথর উত্তোলনের সময় নদীতে ডুবে শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহীত ফাইল ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদী থেকে পাথর উত্তোলনের সময় মাটি ধসে নদীর পানিতে চাপা পড়ে আইয়ুব আলী (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলার ঝালিঙ্গীগছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী দেবনগর ইউনিয়নের ঝালিঙ্গীগছ এলাকার বাসিন্দা ও মুসলিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন শ্রমিকের সঙ্গে করতোয়া নদীতে পাথর উত্তোলনের কাজ করছিলেন আইয়ুব আলী। বিকেল ৪টার দিকে ‘বেদা’ নামে পরিচিত পাথর টানার সরঞ্জাম নিয়ে নদীর গভীর অংশে নামেন তিনি। এ সময় নদীর পাড়ের ওপরের বড় একটি মাটির স্তূপ হঠাৎ ভেঙে পড়ে তার ওপর। এতে পানির নিচে মাটিচাপা পড়ে যান তিনি।

ঘটনার পর সহকর্মী শ্রমিক ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, করতোয়া নদীতে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণভাবে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন চলছে। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। জীবিকার তাগিদে প্রতিদিন শতাধিক শ্রমিক ঝুঁকি নিয়েই নদীতে কাজ করছেন বলেও জানিয়েছেন তারা।

 

পিডি/এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন