মায়ের বিরুদ্ধে দেড় বছরের শিশুকে হত্যার অভিযোগ
সিলেটে দেড় বছরের এক কন্যাশিশুকে তার মায়ের বিরুদ্ধে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে । নিহত শিশুর নাম মায়মুনা জান্নাত তোহা। সে ওই এলাকার আমির আলী ও সুবিনা জান্নাত দম্পতির মেয়ে। এ ঘটনায় শিশুর মা সুবিনা জান্নাতকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) ভোরে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার পুরাতন কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে আমির আলী ফজরের নামাজ আদায়ের জন্য স্থানীয় মসজিদে যান। যাওয়ার আগে স্ত্রী সুবিনাকে নামাজের জন্য ডাকেন। পরে স্বামী বাসা থেকে বের হওয়ার পর শিশুকে গলাকেটে ঘরের ভেতরে হত্যার ঘটনা ঘটে। নামাজ শেষে তার ছোট ছেলে গিয়ে তোহার গলা কেটে ফেলার খবর দেয়। পরে বড় ছেলে প্রতিবেশীদের জড়ো করে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সুবিনা দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন।
উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিহত শিশুটি পরিবারের তিন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট। স্বজনদের ভাষ্যমতে, অভিযুক্ত নারী দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন।
নিহত শিশুর মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পি/ডি