এবার ইরানের নজরে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’
নারায়ণগঞ্জের একটি খামারে বেড়ে ওঠা বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন শুধু দেশের নয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমেরও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভিন্নধর্মী গঠন ও সাদা বর্ণের এই প্রায় সাতশ কিলোগ্রাম ওজনের মহিষটি ইতোমধ্যে ভারত, পাকিস্তান ও তুরস্ক ছাড়িয়ে যুক্তরাজ্য, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের মূলধারার গণমাধ্যমেও জায়গা করে নিয়েছে।
বিষয়টি এবার নজরে এসেছে ইরানেরও। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে রসাত্মক মন্তব্য করে প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি।
শুক্রবার (২২ মে) রাশিয়ায় অবস্থিত ইরান দূতাবাস তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে মহিষটির একটি ভিডিও শেয়ার করে। পোস্টের ক্যাপশনে তারা লেখে, “বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বাংলাদেশি মহিষটি বিরক্ত বোধ করছে।”

ইরান দূতাবাসের শেয়ার করা ভিডিওটি মূলত রুশ আন্তর্জাতিক গণমাধ্যম ‘আরটি’ (রাশিয়া টুডে)-র তৈরি। সেখানে আরটি-র শিরোনামে উল্লেখ করা হয়, “ট্রাম্পের মতো দেখতে একটি বাংলাদেশি মহিষকে দেখতে ভিড় করছেন বহু মানুষ, যার কারণে তার খাওয়ার আগ্রহও কমে গেছে।”
খামার কর্তৃপক্ষ জানায়, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের রঙের সঙ্গে মিল থাকায় শখ করে মহিষটির নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। সোনালি আভাযুক্ত লোম ও ব্যতিক্রমী গঠনের কারণে এটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
এদিকে মহিষটিকে একনজর দেখতে নারায়ণগঞ্জের ওই এগ্রো ফার্মে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে ভিড় করছেন শত শত দর্শনার্থী। আন্তর্জাতিক আলোচনায় উঠে আসায় এই বিরল মহিষটি এখন বিশ্বজুড়ে কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এসি//