আন্তর্জাতিক

আরাফাতের দিনে কাবা শরিফে বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হবে বিশ্ব

ছবি: গালফ নিউজ

মক্কার আকাশে এবার এক বিরল মুহূর্তের অপেক্ষা। আগামী মঙ্গলবার (২৭ মে), অর্থাৎ ৯ জিলহজ ১৪৪৭ হিজরি পবিত্র আরাফাতের দিনে কাবা শরিফের ওপর ঘটতে যাচ্ছে এক অসাধারণ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—সূর্য ঠিক মাথার ওপরে অবস্থান করবে, আর কিছুক্ষণের জন্য মুছে যাবে সব ছায়া।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, স্থানীয় সময় দুপুরে সূর্য সম্পূর্ণ খাড়াভাবে কাবার ওপর অবস্থান করবে। ফলে কাবা শরিফসহ আশপাশের কোনো বস্তুরই ছায়া দেখা যাবে না। এমন দৃশ্য সাধারণত বছরে দুইবার ঘটে, কারণ মক্কা কর্কটক্রান্তি রেখার কাছাকাছি প্রায় ২১ দশমিক ৪ ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত। সূর্যের আপাত চলাচলের কারণে নির্দিষ্ট সময়ে এই বিরল অবস্থার সৃষ্টি হয়।

তবে এবারের ঘটনাটি বিশেষ মাত্রা পেয়েছে একটি কারণে—এটি পবিত্র আরাফাতের দিনের সঙ্গে মিলেছে।

জ্যোতির্বিজ্ঞানীদের ভাষায়, সূর্যের এমন সরাসরি অবস্থান এবং আরাফাতের দিনের একই সময়ে সংঘটিত হওয়া একটি বিরল সমাপতন, যা সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৯৩ সালে। প্রায় ৩৩ বছর পরপর সৌর বছর ও চন্দ্র হিজরি বছরের পার্থক্য মিলে যাওয়ার কারণেই এমন পুনরাবৃত্তি ঘটে।

বিশেষজ্ঞদের মতে, এটি কোনো অস্বাভাবিক ঘটনা নয়, বরং সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়মিত জ্যোতির্বৈজ্ঞানিক প্রক্রিয়া।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্রও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এই ঘটনাকে অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে যুক্ত করার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, আবহাওয়ার পরিবর্তন কেবল সূর্যের অবস্থানের ওপর নির্ভর করে না; বরং আর্দ্রতা, মেঘের ঘনত্ব এবং বাতাসের গতির মতো নানা উপাদান এতে ভূমিকা রাখে।

আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হুসেইন আল-কাহতানি আরও জানান, এই ঘটনাকে ঘিরে রেকর্ড গরম পড়ার যে ধারণা ছড়ানো হচ্ছে, তা বৈজ্ঞানিকভাবে সঠিক নয়।

সব মিলিয়ে, আরাফাতের পবিত্র দিনের সঙ্গে মিলিয়ে মক্কার আকাশে এই বিরল জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্য বিশ্বজুড়ে মুসলিমদের মাঝে কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

 

সূত্র: গালফ নিউজ

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন