৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের যৌন নিপীড়ন!
কুমিল্লার লাকসামে ছয় বছর বয়সী এক কন্যাশিশুকে পাশবিক নির্যাতনের চেষ্টার অভিযোগে সত্তর বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম আবদুর রশিদ। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে নির্যাতিত শিশুটির মা বাদী হয়ে লাকসাম থানায় এই মামলাটি দায়ের করেন।
এর আগে, গত শনিবার (২৩ মে) দুপুরে লাকসাম উপজেলার খুন্তা গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।
রোববার (২৪ মে) সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লাইলি। তিনি জানান, খবর পেয়ে এ দিন রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে আত্মগোপনে থাকায় জড়িত ব্যক্তিকে আটক করা যায়নি।
তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটির ওপর পাশবিক নির্যাতনের চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে শিশুটির মা থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার অধিকতর তদন্তসহ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটির পরিবার খুবই দরিদ্র। ঘটনার দিন দুপুরে শিশুটির মা-বাবা দুজনেই কাজে ছিলেন। এ সময় ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন একই গ্রামের আব্দুল রশিদ। কিন্তু হঠাৎ শিশুটির মা ঘরে ঢুকলে রশিদ দ্রুত সেখান থেকে পালিয়ে যান। ঘটনার পর থেকে রশিদের পক্ষ হয়ে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি শিশুটির পরিবারকে মীমাংসার জন্য চাপ দিচ্ছেন।
শিশুটির মা এ বিষয়ে জানান, দুপুরে ঘরে ফিরে দেখি, লোকটা (আব্দুল রশিদ) মেয়ের সঙ্গে খারাপ কাজের চেষ্টা করছে। এ ঘটনার বিচার চাই।
মেয়েটির বাবা বলেন, এলাকার লোকজন বলছে বিচার করে দিবে, এ জন্য আর মামলা করতে চাই না। তারা যদি ভালো করে বিচার করে দেয়, তাহলে চলবে। একই গ্রামে থাকি, এলাকার লোকজনের বাইরে যাব কীভাবে?
জানা গেছে, শনিবার সন্ধ্যায় ভুক্তভোগী শিশুটিকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়েছিল। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তির তাগিদ দেন। কিন্তু স্বজনরা চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করে শিশুটিকে ওসিসিতে না নিয়ে সরাসরি বাড়িতে নিয়ে যান। পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শিশুটিকে উদ্ধার করে জবানবন্দি ও পরবর্তী পদক্ষেপের জন্য কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।
এসি//